শ্রীপুর সোনালী ব্যাংকে চেক জালিয়াতির অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে আলজেরিয়া প্রবাসীর স্ত্রীর চেক বইয়ের পাতা চুরি করে স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। সোনালী ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে এ জালিয়াতির ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। শ্রীপুর থানা হেডকোয়ার্টার শাখায় এমন ঘটনা ঘটে। লিখিত অভিযোগে জানা যায়, শ্রীপুরের বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের আলজেরিয়া প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রী সেলিনা বেগম জানান, ৭ মার্চ ব্যাংকের কর্মচারী হাফিজউদ্দিনের সহযোগিতায় তিনি ৩৫ হাজার টাকা উত্তোলন করেন। বাড়ি ফিরে তিনি চেক বইয়ের পাতা ছেঁড়া দেখতে পান। তার হিসাব থেকে ১ লাখ ২৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। টাকা উত্তোলনের ঘটনাকে জালিয়াতি বলে অভিযোগ করলে তাকে ব্যাংক থেকে বের করে দেন কর্মকর্তারা। থানায় সাধারণ ডায়েরি করায় হাফিজউদ্দিন উপর্যুপরি প্রাণনাশের হুমকি দেন বলে সেলিনা জানান। পরে সেলিনা বেগমের টাকা ফেরত দেন কর্মকর্তারা। জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে পড়লে ব্যাংকের গ্রাহকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রাহকরা লেনদেনের হিসাব মিলিয়ে দেখতে ব্যাংকে ভিড় করেন। শ্রীপুর থানা হেডকোয়ার্টার শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক গাজী শহিদুজ্জামান জানান, সেলিনা বেগমের ১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীরা পরিশোধ করেছেন।