ক্ষমা প্রার্থনা না করে আত্মসমর্পণ করবেন সঞ্জয় দত্ত
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ২২:৪৩
ক্ষমা প্রার্থনা করবেন না বলিউডের প্রখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তিনি শিগগিরই আত্মসর্পণ করবেন। আদালতের রায় অনুযায়ী তাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। ইতোমধ্যে এক সপ্তাহ পার হয়ে গেছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন সঞ্জয়। তিনি বলেন, আমি ক্ষমা চাইনি। আমি আমার হাতের কাজ শেষ করে পরিবারের সঙ্গে কিছুদিন কাটাতে চাই। এরপর আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে আত্মসমর্পন করবো। তিনি গণমাধ্যমের কাছে হাতজোড় করে বলেন, এ নিয়ে আর কোনো বিতর্কের সৃষ্টি করবেন না। আমাকে পরিবারের সঙ্গে একটু শান্তিতে থাকতে দিন। আদালতের রায়ে তার সঙ্গে তার পরিবারও বিপর্যস্ত বলে জানান সঞ্জয় দত্ত। এ সময় তার সঙ্গে তার বোন কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়া দত্ত উপস্থিত ছিলেন। তবে প্রিয়া কোনো কথা বলেননি।
সঞ্জয় দত্তকে কারাদণ্ড দেয়ার পর বলিউডের অনেক অভিনেতাসহ রাজনীতিবিদরাও তাকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন। এ সম্পর্কে মুন্না ভাই খ্যাত সঞ্জয় বলেন, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমার মতো বা আমার চেয়ে অনেকের বেশি সুযোগ আছে। তাই আমি চাইনি। গত ২১ মার্চ সুপ্রিম কোর্ট ১৯৯৩ সালের মুম্বাই হামলার মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্তকে পাঁচ বছর কারাদণ্ড দেন। তবে তাকে সাজা খাটতে হবে সাড়ে তিন বছর। ইতোমধ্যেই তিনি দেড় বছর সাজা খেটেছেন।