গণতন্ত্র হত্যা ও সরকার
পতনের ষড়যন্ত্রকারীদের
সঙ্গে সংলাপ নয় :হানিফ
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ২২:৪৫
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, দলটি গণতন্ত্র হত্যা ও গণতান্ত্রিক সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সঙ্গে কোন সংলাপ নয়। সংলাপে আসতে হলে তাদের ষড়যন্ত্র ও সহিংসতার পথ পরিহার করে সংসদে আসতে হবে। আর সেখানেই আগামী নির্বাচনসহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হরতালের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগ উত্তর এ সমাবেশের আয়োজন করে। সংলাপ দিয়ে দুই নেত্রীর প্রতি আদালতের রুল প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, এটা সম্পূর্ণ দুই নেত্রীর বিষয়। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার উত্খাত করতে খালেদা জিয়া অনেক ষড়যন্ত্র করেছেন। সেনাবাহিনীকে উস্কানি দিয়ে এখন আবার কী ষড়যন্ত্র করছেন জনগণ তা জানতে চায়।
যুবলীগ উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ইসমাঈল চৌধুরী সম্র্রাট, ইসমাঈল হোসেন, ওয়াহিদুল আলম আরিফ প্রমুখ।