শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের তিরোধান দিবস আজ

আজ শুক্রবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ৪৩তম তিরোধান দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী কনিষ্ঠ পুত্র দিলীপ দত্তসহ তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় কুমিল্লার বাসা থেকে। তাদেরকে ময়নামতি ক্যান্টনমেন্টে আটক রাখা হয়। সেখানেই নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় অশীতিপর এই বৃদ্ধকে। একই পরিণতি বরণ করতে হয় পুত্র দিলীপ দত্তকেও। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় এক নাম। ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানে গণপরিষদে তিনিই প্রথম বাংলা ভাষার সমঅধিকারের দাবি উত্থাপন করেন অত্যন্ত জোরালো ভাষায়। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। লড়েছেন পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে। দিনের পর দিন কারাভোগ করেছেন। নির্যাতিত হয়েছেন নানাভাবে। কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে কখনোই আপস করেননি। তার তিরোধান দিবস উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মগবাজারস্থ সেঞ্চুরি টাওয়ারে শহীদের নাতনি আরমা দত্তের বাসায় এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মিনার মনসুর এতে সকলের উপস্থিতি কামনা করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি