লালমনিরহাটে স্কুলে হরতাল সমর্থকদের হামলায় শিশুসহ ১৩ জন আহত

গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার খুনিয়াগাছ গ্রামে খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা। বেলা সাড়ে ১০টায় খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে বিএনপি কর্মীরা হরতাল সমর্থনে মিছিল নিয়ে বিদ্যালয়ে হামলা চালালে প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক মোশারফ হোসেন, সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন ও নাজনিন আক্তার এবং শিক্ষার্থীসহ ১৩ জন আহত হন। আহত শিক্ষার্থীরা হলো ৫ম শ্রেণির জেমি আক্তার, জুঁই আক্তার, ৩য় শ্রেণির আঁখি মনি, সুজন, আরিফুল ইসলাম ও ২য় শ্রেণির মিঠুল। এ সময় পিকেটাররা ছাত্র-ছাত্রীদের বইখাতা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয় ও বিদ্যালয়ের চেয়ার টেবিল, আসবাবপত্রসহ ওই বিদ্যালয়ের প্রধান গেটের দরজার গ্রিল ভাংচুর করে। একপর্যায়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে হরতাল সমর্থকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ১১টায় শহরের মিশন মোড় গোলচত্বরে দুটি মোটরসাইকেল ভাংচুর করে পিকেটাররা।