গোলাম আজম-সাঈদীর সঙ্গে আল্লামা শফীরও বিচার করতে হবে

আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতারা জামায়াতে ইসলামী নেতা গোলাম আজম, দেলাওয়ার হোসাইন সাঈদীর পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ে হেফাজতে ইসলাম নেতা আল্লামা শফীর বিচার দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে একাত্তরে হেফাজতে ইসলামের নেতারা পাকিস্তানিদের সহায়তায় মুজাহিদ বাহিনী গঠন করেছিলেন দাবি করে তারা বিষয়টি আদালতে প্রমাণ করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের দক্ষিণ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইয়াকুব আলী খান। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সউম আবদুস সামাদ। উল্লেখ্য, গত সপ্তাহে হেফাজতে ইসলামের নেতারা সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে মুজাহিদ বাহিনী গঠনের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ দেন। অন্যথায় সুন্নি আলেমদের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করারও হুমকি দেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হেফাজতের চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে ইয়াকুব আলী খান বলেন, হেফাজতের নেতারা পাকিস্তান আমলে নেজামে ইসলাম পার্টি করতেন। একাত্তরে জামায়াত-মুসলিম লীগের মত নেজামে ইসলামের নেতারাও মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ওহাবি কওমিদের নিয়ে মুজাহিদ বাহিনী গঠন করেন। একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা, গুম, নারী নির্যাতন করেছেন নেজামে ইসলামের নেতারা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসাসহ সকল উল্লেখযোগ্য কওমি মাদ্রাসায় একাত্তরে মুজাহিদ বাহিনীর ক্যাম্প ছিল।