‘মীরাক্কেল’ থেকে ফিরলেন জামিল
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২০:০৮
টানা প্রায় ২ মাস কলকাতা থাকার পর অবশেষে দেশে ফিরলেন ‘মীরাক্কেল’খ্যাত পারফর্মার জামিল হোসেন। এবারের ‘মীরাক্কেল’ প্রতিযোগিতায় তারকা পারফর্মার হিসেবে বেশ কয়েকটা শোতে স্ট্যান্ডআপ কমেডি করেছেন জামিল। পুরো সিজন থাকার কথা থাকলেও দেশে দুটি চলচ্চিত্রে কাজের জন্য জামিল দেশে ফিরেছেন বলে জানান। নিজের কাজ প্রসঙ্গে জামিল বলেন, ‘আসলে ‘মীরাক্কেল’ ছেড়ে আসতে একোবারেই মন চায় না। বিশেষ করে আমরা হোলির দিন যে মজাটা করেছি তা ভাষায় প্রকাশ করার মতো না। দেশে দুটি ছবিতে সাইন করা ছিল। এ ছাড়াও আমার ক্যারিয়ার বলুন আর স্বপ্ন বলুন পুরোটাই চলচ্চিত্রকে ঘিরে। তাই নিজের সবটুকু শ্রম দিয়ে কাজ করতে চাই। ‘মীরাক্কেল’-এর কাছে আমার-আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তার বদৌলতেই আমাকে যতটুকু মানুষ চেনে। কলকাতায় গিয়ে মীর’দা সহ সকলকে বলার পর ওরা নিজের উদ্যোগেই সেলিব্রেট করল। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। তাই দেশে ফিরেও যেন ওদের সবাইকে খুব মিস করছি।’
উল্লেখ্য, জামিল তার চলচ্চিত্রের কাজ ছাড়াও নিয়মিত গান করছেন। আসছে এপ্রিলে ‘অমিয়-সূধা’ নামের একটি মিক্সড অ্যালবামে ‘হার কালা করলামরে’ কালজয়ী এই গানটি নতুন কম্পোজিশনে গেয়েছেন।