পশ্চিম রেলের চাকরিপ্রার্থীরা প্রবেশপত্র না পেয়ে বিপাকে

পশ্চিমাঞ্চল রেলওয়ের বুকিং সহকারী গ্রেড-২ নিয়োগ পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতাল ও সরকারি ছুটির কারণে অনেক প্রার্থী প্রবেশপত্র পাননি বলে অভিযোগ উঠেছে। প্রবেশপত্র না পাওয়া প্রার্থীরা রাজশাহী রেলভবনে ধর্ণা দেন ‘ডুপ্লিকেট’ প্রবেশপত্রের জন্য। জানা গেছে, ২৬ মার্চ সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের কারণে প্রবেশপত্র পৌঁছাতে বিলম্ব হয় বলে প্রার্থীরা মনে করছেন। ৪০ হাজার প্রার্থীর মধ্যে কয়েক হাজার প্রার্থী প্রবেশপত্র পেয়েছেন বলে অনুমান করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, গত ১৮ মার্চ প্রার্থীদের প্রদত্ত ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো শুরু হয়। কিন্তু ১৮ ও ১৯ মার্চ ১৮ দলের ৩৬ ঘণ্টার হরতালে ডাক বিভাগের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। ২০ ও ২১ মার্চ অফিস হওয়ার পর ২২ ও ২৩ মার্চ সাপ্তাহিক ছুটি ছিল। এরপর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকার পর ২৬ মার্চ সরকারি ছুটির পর ২৭ ও ২৮ মার্চ আবারও ১৮ দলের ৩৬ ঘণ্টার হরতাল চলে। ফলে পরীক্ষার আগে মাত্র চার কর্মদিবস কার্যক্রম চলছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রবেশপত্র না পাওয়া প্রার্থীরা ‘ডুপ্লিকেট’ প্রবেশপত্রের জন্য রেলভবনে ধর্ণা দিলেও কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ‘ডুপ্লিকেট’ প্রবেশপত্র ইস্যু করেনি। পছন্দের প্রার্থীদের সুবিধা দিতেই রেলওয়ের অসাধু কর্মকর্তারা এহেন তত্পরতা চালাচ্ছেন বলে তারা অভিযোগ করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট নিয়োগ কমিটির প্রধান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজার এস.এম মুরাদ হোসেন সাংবাদিকদের কাছ কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান।