কুমিল্লায় গৃহকর্মী হত্যা মামলা
ধামাচাপা দেয়ার অভিযোগ
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৪
কুমিল্লায় জালাল নামের এক অনাথ গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার অভিযোগে দায়ের করা মামলা ধামাচাপা দেয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানায় গৃহকর্তার রুজুকৃত অপমৃত্যু মামলায় গৃহকর্মী জালালের মৃত্যুর তথ্য এবং পুলিশের সুরতহাল রিপোর্ট ও ডাক্তারের ময়নাতদন্ত রিপোর্টে ব্যাপক গরমিল সৃষ্টি করে ধনাঢ্য পরিবারের হতভাগ্য এ অনাথ গৃহকর্মী জালাল হত্যা মামলা ধামাচাপা দেয়ার সব প্রক্রিয়া অনেকটা চূড়ান্ত করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গত দেড়মাসে মামলার আসামিরাও কেউ গ্রেফতার হয়নি। এদিকে জালাল হত্যা মামলাটি সিআইডিতে স্থানান্তর করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। গৃহকর্মী জালাল (১২) সিলেটের মাজার গেইট এলাকার মৃত কবির মিয়ার পুত্র।
অনুসন্ধানে ও বিভিন্ন সূত্রে জানা যায়, কুমিল্লা মহানগরীর চকবাজার এলাকার বাসিন্দা ধনাঢ্য ব্যবসায়ী ফরিদউদ্দিন আহমেদের পুত্র নিজামউদ্দিন আহমেদ গত ফেব্রুয়ারি কোতোয়ালী মডেল থানায় লিখিতভাবে জানান, ‘তাদের বাসার কাজের ছেলে ডায়রিয়ায় মারা গেছে’। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আইয়ুব জানান, জালালের পোস্টমর্টেম রিপোর্ট এখনো হাতে পাইনি, তাই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত না হয়ে আসামীদের গ্রেফতার করা সমীচীন হবে বলে মনে করি না। ময়নাতদন্তকারী কর্মকর্তার কুমেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, নিহতের লিভার বড়, তরল গরম পদার্থে শরীরের বিভিন্ন অংশের চামড়া পোড়া পাওয়া গেছে।