নাগেশ্বরীর স্কুলে বিভিন্ন প্রকাশনীর নিম্নমানের বই পড়ানো হচ্ছে
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৬
নাগেশ্বরীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা (এনসিটিবি) কর্তৃক প্রকাশিত বই এর পরিবর্তে পড়ানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীর নিম্নমানের বাংলা ব্যাকরণ ও ইংরেজী গ্র্যামার বই। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মনোনিত প্রকাশনীর বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করছে।
শিক্ষার মানোন্নয়ে সরকার মাধ্যমিক স্তরে এবারে শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে অন্যান্য পাঠ্য বইয়ের সাথে বিনামূল্যে ৬ষ্ঠ-৮ম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’, ৯ম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ’ এবং ‘ইংলিশ গ্র্যামার এ্যান্ড কম্পোজিশন’ বই সরবরাহ করে। উপজেলার ৭০টি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন প্রকাশনীর কাছে আর্থিক সুবিধা নিয়ে অহেতুক কারণ দেখিয়ে সরকারের দেয়া বাংলা ও ইংরেজী ব্যাকরণ বইয়ের পাশাপাশি ওই সব প্রকাশনীর বই কিনতে বাধ্য করছে শিক্ষার্থীদের। এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে স্থানীয় শিক্ষক সমিতি।
অনুসন্ধানে দেখা গেছে, প্রায় ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ানো হচ্ছে চমক প্রকাশনীর বাংলা ও ইংরেজী ব্যাকরণ বই। অন্যান্য বিদ্যালয়ে পড়ানো হচ্ছে স্কয়ার পাবলিকেশন্স, লেটেস্ট, অনুপম, উদ্ভাস, পপিসহ বিভিন্ন প্রকাশনীর বই। মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে কোন বিদ্যালয় এটি করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।