আত্রাইয়ের প্রধান সড়ক
চলাচল অযোগ্য
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৬
আত্রাই উপজেলা পরিষদ থেকে আহসানগঞ্জ হাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ পাকা সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটির বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং খোয়া ও পিচ উঠে গেছে। উপজেলা সদরের প্রধান এই রাস্তাটির পাশ ঘেঁষে অবস্থিত উপজেলা স্বাস্থ্য প্রকল্প, আত্রাই থানা, কৃষি ব্যাংক, জনতা ব্যাংকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রী প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রতিদিন বাস-ট্রাক, ভ্যানসহ অসংখ্য যানবাহন চলাচল করে। দীর্ঘদিন যাবত্ এই এবড়ো-থেবড়ো রাস্তা দিয়ে যাতায়াতে জনসাধারণ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই দুই কিলোমিটার রাস্তাটির অর্ধেক অংশ আত্রাই উপজেলা প্রকৌশল দপ্তরের এবং বাকি অংশ নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণে। এ ব্যাপারে আত্রাই উপজেলা প্রকৌশলী মোঃ সাদরুল ইসলাম এবং জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম বলেন, অল্প দিনের মধ্যেই রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হবে।