অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসের জন্য সিনেটরদের প্রতি ওবামার আহ্বান

প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসের জন্য দেশটির আইন প্রণেতাদের প্রতি আহবান জানিয়েছেন। প্রভাবশালী বিভিন্ন মহলের বিরোধিতায় আগামী মাসে প্রত্যাশিত সিনেটের ভোটে আইনটি পাস করতে তাকে বেগ পেতে হবে, এমন প্রেক্ষাপটে তিনি এই আহবান জানালেন। ফেব্রুয়ারি মাসে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলিবর্ষণে নিহত চার শিশুর মায়েরা গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামার সাথে দেখা করেন। ঐ মায়েদের সামনে দাঁড়িয়ে ওবামা বলেন, তিনমাস আগে কানেক্টিকাটে গণগুলিবর্ষণের মতো ঘটনার পর তার সরকার অবশ্যই কিছু করবে। তিনি আরো বলেন, ‘যদি আমরা ভুলে গিয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য লজ্জার। আমি ঐ বাচ্চাদের ভুলে যাইনি।’ ওবামা এমন এক সময় এ কথাগুলো বললেন যখন অস্ত্র নিয়ন্ত্রণ আইনটির ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রায় আশি ভাগ আমেরিকান অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে থাকলেও প্রভাবশালী অস্ত্র ব্যবসায়ীদের বিরোধিতার মুখে ওবামাকে আইনটির পক্ষে সিনেটরদের যথেষ্ট সমর্থন পাবেন কি না সেটা এখনো অনিশ্চিত। ধারণা করা হচ্ছে, আইনটি যাতে পাস না হয় সেজন্য অস্ত্র নিয়ন্ত্রণবিরোধীদের মধ্যে অন্যতম ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন (এনআরএ) সিনেটরদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করবে। এনআরএ’র মুখপাত্র এন্ড্রু আরুলানানডাম বলেন, ‘আমাদের রাজনৈতিক কান্ডজ্ঞান ও কিছু অনুগত ভোটার আছে এবং রাজনীতিবিদরা সে সম্পর্কে অবগত।’