দামেস্ক বিশ্ববিদ্যালয়ে মর্টার হামলায় ১৫ শিক্ষার্থী নিহত
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২০:৪৩
সিরিয়ার দামেস্ক বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বিদ্রোহীদের মর্টার হামলায় ১৫ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা সানা। বিশ্ববিদ্যালয়টির স্থাপত্যবিদ্যা অনুষদের ক্যান্টিনে বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে এর আগের খবরে জানায় রাষ্ট্রীয় টিভি। প্রাথমিক খবরে মৃতের সংখ্যা ১২ উল্লেখ করা হয়। পরে সানা বার্তা সংস্থা দামেস্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫জন হয়েছে বলে জানায়। রাষ্ট্রীয় এবং সরকারপন্থি গণমাধ্যমগুলো এ হামলাকে ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছে। আল ইখবারিয়া টিভি সম্প্রচারে দেখা গেছে, হামলার পর ক্যান্টিনের মেঝে ভাঙা কাঁচ, রক্তে ভেসে গেছে এবং চিকিত্সকরা আহতদের সেখানেই প্রাথমিক চিকিত্সা দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘিরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ভবন, রাষ্ট্রীয় গণমাধ্যমের দপ্তর এবং প্রেসিডেন্টের আবাসিক কার্যালয়। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এলাকাটিতে কয়েক রাউন্ড মর্টার হামলার কথা জানালেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। সিরিয়ার রাজধানীতে সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমাগত সংঘর্ষ বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে মর্টার হামলা তীব্র আকার ধারণ করেছে। দামেস্কের কেন্দ্রস্থলে সোমবার থেকে চলমান মর্টার হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। তাছাড়া, বৃহস্পতিবারের এ হামলার আগে এ সপ্তাহের শুরুতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাছেও মর্টার হামলা হয়।