পত্নীতলায় জিরা চাষিদের দুর্দিন
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২১:১৭
অধিক লাভের আশায় মশলা জাতীয় ফসল জিরা চাষ করতে গিয়ে মাথায় হাত পড়েছে পত্নীতলার অনেক কৃষকের। প্রতিকূল আবহাওয়া, জিরার চাষ পদ্ধতি সমপর্কে সঠিক ধারণা না থাকা এবং স্থানীয় কৃষি বিভাগের প্রযোজনীয় সহযোগিতা না পাওয়ায় জিরা চাষ করে লাভ তো দূরে থাক লোকশান গুনছেন এখানকার কৃষকরা। তারা অনেক খরচ করে জমিতে জিরার আবাদ করেও ভাল ফলন ফলাতে ব্যর্থ হয়েছেন। জানা গেছে, পত্নীতলা উপজেলার পূইয়া গ্রামের দিপক গত বছর ভারত থেকে বীজ এনে পরীক্ষামূলকভাবে জিরা চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেন। জিরা চাষে দিপকের এই সাফল্য দেখে চলতি বছর অনেক কৃষক জিরা চাষে আগ্রহী হয়ে ওঠেন। আগ্রহী কৃষকরা দিপকের কাছ থেকে চার হাজার টাকা কেজি দরে বীজ কিনে জিরার চাষ শুরু করেন। তবে এ বছর কারও জমিতেই জিরার ফলন ভাল হয়নি। বীজ বোপনের পর অনেকের জমিতে জিরার গাছই জন্মাইনি। যাদের জমিতে গাছ জন্মে ছিল তাদের জমিতেও অল্পদিন পড়েই তা মরে যায়। ফইমপুর গ্রামের কৃষক মকবুল কাজি জানান, তিনি এবার ১৫ শতক জমিতে জিরা চাষ করেছেন। এতে তার প্রায় ৬ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু জিরার ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এ টাকার পুরোটাই লোকসান হবে। শুধু মকবুল কাজিই নয়, পত্নীতলা উপজেলার অনেক জিরা চাষির এখন একই অবস্থা। উপজেলা কৃষি অফিসার আখতারুজ্জামান জানান, জিরা চাষ খুবই লাভজনক। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এবার এ উপজেলায় জিরার ফলন ভাল হয়নি।