ভারতে পাচার করা তরুণীকে বিএসএফের সহায়তায় উদ্ধার, আটক ২
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২১:১৮
ভারতে পাচার হওয়া এক তরুণীকে বিজিবি সদস্যরা বিএসএফের সহায়তায় উদ্ধার করেছে। তরুণীকে পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত তরুণী (২২) নারায়ণগঞ্জ জেলা সদরের এক গৃহবধূ বলে জানা গেছে।
সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পের সুবেদার মোঃ নজরুল ইসলাম জানান, ভারতে ভাল চাকরি দেয়ার কথা বলে কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালি গ্রামের আক্তারুল ইসলাম (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৪) ঐ তরুণীকে গত বুধবার সদর উপজেলার তলুইগাছা সীমান্তে নিয়ে যায়। সেখানে তাকে আক্তারুল ইসলামের শ্বশুর বাড়ি হাফিজ মোল্ল্যার বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তরুণীকে ভারতে পাচার করা হয়। ঘটনা জানতে পেরে পাচারকারী আক্তারুল ও তার স্ত্রীকে আটক করে বিজিবি। আটক দম্পতির স্বীকারোক্তি মোতাবেক তাত্ক্ষণিকভাবে বিএসএফ সদস্যদের সহযোগিতায় ঐ তরুণীকে ভারত থেকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়। সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু বাছির জানান, এ ঘটনায় সুবেদার নজরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।