শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে গুলি ক্যাম্পাস থমথমে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র জানায়, গত মঙ্গলবার ছাত্রলীগের বিবদমান সুমন-আসাদ-হাফিজ সমর্থিত পক্ষের কর্মী এবং নাঈম হাসান সমর্থিত রাশেদ-অঞ্জন-উত্তম-রঞ্জিত নেতৃত্বাধীন ছাত্রলীগের সংঘর্ষ হয়। ওই ঘটনায় সুমন-আসাদ-পক্ষের লোকজন প্রক্টর হিমাদ্রী শেখর রায়কে ‘সন্ত্রাসী’দের মদদদাতা হিসেবে আখ্যায়িত করে তার বিচার দাবিতে গতকাল শুক্রবার ভারপ্রাপ্ত ভিসি ড. ইলিয়াস উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে। রাত ৭টার দিকে রাশেদ-অঞ্জন-উত্তম-রঞ্জিত নেতৃত্বাধীন ছাত্রলীগের গ্রুপের কয়েকজন নেতা-কর্মী প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় প্রশাসনিক ভবন লক্ষ্য করে তারা ১৫/১৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে গুলিতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এসময় সুমন সমর্থিত পক্ষের কর্মীরা গুলি ছোঁড়ায় পিছু হঠে অতিথি ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সুমন সমর্থিত পক্ষের ছাত্রলীগ কর্মীরা পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এসময় প্রশাসনিক ভবনে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রশাসনের জরুরি বৈঠক চলছিল। এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়ের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।