পুলিশের সামনে মানুষ হত্যা করা হলে তারা নিশ্চুপ থাকতে পারে না :স্বরাষ্ট্রমন্ত্রী
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২২:২৪
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে যদি মানুষ হত্যা করা হয়, তা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চুপ থাকতে পারে না। কারণ তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে এসব বন্ধ করার জন্য। চাঁদে মানুষ দেখা গেছে, এমন মিথ্যাচার করে দেশে যেসব মানুষকে হত্যা করা হয়েছে, এর দায়-দায়িত্ব খালেদা জিয়া ও নিজামীকেই নিতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের পরিচালনায় উত্তর শিবপুর গ্রামে বিদ্যুত্ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানশেষে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভুঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। একইদিন মহীউদ্দীন খান আলমগীর উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বুধুন্ডাম রাগদৈল ও বজুরীখোলা গ্রামে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আইআইআরডির রাস্তায় বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের মাঝে চেক হস্তান্তর করেন।