বিচারক নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের ফলে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে

জ্যেষ্ঠতা লংঘন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক নিয়োগ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী ও সম্পাদক ব্যারিস্টার এম, মাহবুবউদ্দিন খোকন এমপি। গতকাল শুক্রবার একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিনিয়র বিচারপতিদের প্রতি প্রধান বিচারপতির এই অনাস্থা ভয়ংকর এবং তা বিচার বিভাগকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। সরকারের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে আপিল বিভাগে হাইকোর্টের জুনিয়র বিচারপতিদের নিয়োগ দেয়া হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে জ্যেষ্ঠতা লংঘন করে নিয়োগ দেয়া বিচারপতিদের নিয়োগ বাতিল করার জন্য রাষ্ট্রপতির নিকট অনুরোধ এবং তাদের শপথ না পড়ানোর জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, হাইকোর্টের বিতর্কিত এক বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগের মাধ্যমে ‘পদোন্নতি’ দিয়ে পুরস্কৃত করে বিচার বিভাগে কালিমা লেপন করা হয়েছে। আমরা মনে করি শুধু রাজনৈতিক বিবেচনায় এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য জ্যেষ্ঠতা লংঘন করে এ নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ বিচার বিভাগের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় আইনজীবীরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলেও জানান নেতৃবৃন্দ।