খুলনায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান

হরতালে মিছিল ও পিকেটিং করার কারণে ডুমুরিয়া উপজেলা যুবদল নেতা গাজী নাসির উদ্দিন সুমনকে যুবলীগ সন্ত্রাসী কর্তৃক পিটিয়ে হত্যা ও তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপি নেতা বুলু মোল্লাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে আগামীকাল রবিবার জেলার নয় উপজেলা ও দুই পৌরসভায় সকাল-সন্ধ্যা হরতালসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা জেলা বিএনপি। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আজ শনিবার খুলনা মহানগর ও জেলায় প্রতিবাদ বিক্ষোভ এবং সোমবার নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান। এছাড়া এ তিনদিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হবে। গতকাল শুক্রবার খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা জানান, আওয়ামী সন্ত্রাসীদের হাতে বিএনপি ও যুবদলের দুই নেতা নিহত হওয়ার ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে আগামীকাল রবিবার হরতালসহ এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।