চলমান অস্থিরতার জন্য সরকার দায়ী :ফখরুল
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২২:৩০
চলমান অস্থিরতার জন্য সরকারকে দায়ি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবার ক্ষমতায় আসার জন্য ওরা পাগল হয়ে গেছে। সারাদেশে গণহত্যা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। তিনি এখন জনসমর্থন হারিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চান। কিন্তু সরকারের এ ইচ্ছা পূর্ণ হতে দেবে না বিএনপি। আন্দোলন শুরু হয়েছে। এর তোড়ে এই সরকার খড়কুটোর মতো ভেসে যাবে। তিনি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, তিনি সেনাবাহিনীর উদ্দেশে বলেন, ‘কেউ যেন শাসনতন্ত্রকে ভাঙতে না পারে, সেই বিষয় তাদের সতর্ক থাকতে। আমরাও তার কথায় একমত, কিন্তু কে শাসনতন্ত্র ভেঙেছে তা সবাই জানে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এবং ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ দলের অন্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। রেজাউল করিম পলের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেন।
‘ষড়যন্ত্রকারীদের সঙ্গে কোনো সংলাপ নয়’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এমন মন্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি নয়, ষড়যন্ত্রকারী তারা।