পিরোজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান

মঠবাড়িয়া (পিরোজপুর)সংবাদদাতা ২০১২ সালের ‘ইউআইএসসি’র কার্যক্রম মূল্যায়ন এবং জাতীয় ওয়েব পোর্টাল-এর অগ্রগতি পর্যালোচনায় মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাদিকুর রহমান পিরোজপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় জেলা প্রশাসক অনল চন্দ্র দাসের স্বাক্ষরিত সম্মাননা পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব উপজেলা চেয়ারম্যানের হাতে তুলে দেন। উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ওই সভায় উপস্থিত ছিলেন। সাদিকুর রহমান জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আবু যাহিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুস সালাম আজাদী, ইউপি চেয়ারম্যান সোবহান শরীফ ও এস এম ফেরদৌস রুম্মান প্রমুখ।