মেঘনায় সহস্রাধিক কেজি
জাটকাসহ ১০ জেলে আটক
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ২০:৪৬
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর মেঘনা মোহনায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ১ হাজার ৩শ’ ৪০ কেজি জাটকা ও ৩টি কাঠের নৌকা উদ্ধার করে। কোস্টগার্ড অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে চাঁদপুরের মেঘনা মোহনায় এমভি নাজমা খান ও কর্ণফুলী-৩ নামের ২টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালানো হয়। এছাড়া রাতভর মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোস্টগার্ড ২টি নৌকাসহ ১০ জেলেকে আটক করে। আটক জেলেরা হলো: ১. আনোয়ার হোসেন (৩০), মোঃ আল-ইসলাম (২২), রেজ্জাক প্রধানিয়া (২৮), মানিক (২০), কালু ঢালী (৩২), সাগর (১৭), আবুল হোসেন (৩৫), অহিদ উল্যাহ বেপারী (২৪), খোরশেদ আলম (২০), মিন্টু চৌকিদার (২০)। সকাল ১১টায় চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের উপস্থিতিতে আটককৃত জেলেদের ২ মাসের বিনাশ্রম সাজাপ্রদান শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ বদরুদ্দোজা জানান, আটক জাটকার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৩৬ হাজার টাকা, জালের মূল্য ১৯ লক্ষ ৯৫ হাজার টাকা। আটক নৌকার মালিকদের ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়। উদ্ধারকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও গরীব দুস্থদের মাঝে বিতরণ ও কারেন্টজালগুলো কোস্টগার্ড জেটিতে সংরক্ষণ করা হয়েছে।