দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে আসন্ন
বাজেটে অধিক বরাদ্দের দাবি
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ২০:৪৯
খুলনা অফিস
আসন্ন জাতীয় বাজেটে খুলনায় গ্যাস সরবরাহ, আধুনিক রেল স্টেশন নির্মাণ, খুলনা-ঢাকা ডবল লাইন ও আরো একটি দ্রুতগামী রেল চালু, খুলনা-কলকাতা রেল সার্ভিস চালু, খুলনায় টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু নির্ধারণ, মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ, মংলা বন্দরের আধুনিকায়ন, বিমান বন্দর স্থাপন, নিউজপ্রিন্ট মিল-দাদা ম্যাচ ফ্যাক্টরিসহ বন্ধ মিল-কলকারখানা চালু, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নগরীর তিনটি স্কুল ও তিনটি কলেজ সরকারিকরণ, পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ ও শিল্পকলা একাডেমী নির্মাণসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য অধিক বরাদ্দের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল শনিবার সকালে সংগঠনের উদ্যোগে নগরীর পিকচার প্যালেসের মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ এ দাবি জানান। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব লোকমান হাকিম। বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায় , সিপিবি’র নগর সভাপতি এইচ এম শাহাদত্, মহানগর জাসদ সভাপতি রফিকুল হক খোকন, সাধারণ সম্পাদক খালিদ হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা মোজাম্মেল হক, ন্যাপের দিপক কর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, অ্যাডভোকেট অলোকানন্দা দাস, শামীমা সুলতানা শীলু, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, মাহফুজুর রহমান মুকুল প্রমুখ।