বিনোদন রিপোর্ট
কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক চ্যানেলে নিজের কার্যক্রম নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়। রবীন্দ্রজন্মবার্ষিকী উপলক্ষে নাগরিক টিভির একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। এছাড়াও অণিমা রায়ের নির্দেশনায় সমপ্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হয় রবীন্দ্রনাটক ‘চিত্রাঙ্গদা’। এ নাটকটি প্রচার করবে দীপ্ত টেলিভিশন আজ রাত ১২ টায়। উল্লেখ্য, অণিমা রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে গত কয়েকবছর ধরেই সফলভাবে বার্ষিক সঙ্গীত উত্সব পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারের উত্সবের অন্যতম আকর্ষণ ছিল এই ‘চিত্রঙ্গদা’। এ প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘আমরা প্রায় ৪ মাস টানা রিহার্সেল করে ‘চিত্রাঙ্গদা’ নাটকটি মঞ্চে এনেছি। এ এক কঠোর অধ্যাবসায়ের জন্যই সম্ভব হয়েছে। নাটকটি তাই মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন দর্শকেরা। আমার ছাত্র-ছাত্রীদের নিয়ে এই মঞ্চনাটকটির প্রদর্শন এবারের জন্মজয়ন্তীতে দর্শকদের জন্য বিশেষ একটি উপহার।’ এর বাইরে একাধিক চ্যানেলে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আলাপচারিতায় অংশ নিয়েছেন দেশের এই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এর ভেতরে এটিএন বাংলায় প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে একমঞ্চে গাইলেন এসময়ের ৩ শীর্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং অণিমা রায়। অণিমা রায় প্রথমবারের মতো তার দুই শিক্ষকের সাথে একসাথে পারফর্ম করলেন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ৮ মে রাত ৮ টায় প্রচার হবে এই অনুষ্ঠানটি। শিমুল মুস্তাফার উপস্থাপনা ও রুমানা হকের পরিচালনায় এই অনুষ্ঠানের শিরোনাম ‘শোনো তাঁর শুধাবানী’।