মাগুরায় কৃষিতে ভর্তুকি প্রদান
দুই বছর বন্ধ
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ২০:৫০
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার নির্বাচনী অঙ্গীকার সরকারের থাকলেও গত দুই বছর ধরে মাগুরায় কৃষক পর্যায়ে ডিজেলসহ সকল প্রকার ভর্তুকি প্রদান বন্ধ রেখেছে সরকার। দফায় দফায় ডিজেলসহ কৃষি উপকরণের দাম বাড়ালেও সেচে ব্যবহূত ডিজেলসহ ভর্তুকি অনিশ্চিত হয়ে পড়েছে। এতে বোরো ধানের উত্পাদন খরচ বাড়ছে। কিন্তু ধানের দাম সেইহারে না বাড়লে কৃষককুল ক্ষতির মুখে পড়বেন। এ নিয়ে ভর্তুকির জন্য তালিকাভুক্ত কার্ডধারী কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে কৃষকদের ভর্তুকি প্রদানের জন্য সরকার জেলার ৪টি উপজেলায় দুই লাখেরও বেশি কৃষককে ১০ টাকার ব্যাংক হিসাব খুলতে বাধ্য করেন। গত দুই বছর ধরে ভর্তুকির টাকা প্রদান বন্ধ থাকায় এসব ব্যাংক হিসাব অলস পড়ে রয়েছে। যে কারণে সরকার এবং জনগণের কোন উপকারই হচ্ছে না, বরং সরকারি, বাণিজ্যিক ব্যাংকে খোলা এসব হিসাব বোঝার উপর শাকের আঁটি হয়ে দাঁড়িয়েছে।