তিব্বতে ভূমিধসে ৮৩ খনি শ্রমিক আটকা পড়েছে

তিব্বতের রাজধানী লাসার কাছাকাছি ভূমিধসের ঘটনায় ৮৩ জন খনিশ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারের লক্ষ্যে শত শত উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ১ হাজার পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য এবং চিকিত্সক পাঠানো হয়েছে। ওই অঞ্চলে থাকা বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার সকালে ভূমিধসের পর যে সময় অতিক্রান্ত হয়েছে এবং যে পরিমাণ ভূমিধস হয়েছে তাতে আটকা বা চাপা পড়া কারো বেঁচে থাকার আশা ক্ষীণ। জানা গেছে, শ্রমিকদের অধিকাংশই হান আদিবাসী সম্প্রদায়। তাদের সঙ্গে আদিবাসী তিব্বতি দুইজনও রয়েছে। শ্রমিকদের অধিকাংশই ইউনান, গুইজু এবং সিচুয়ান প্রদেশ থেকে এসেছেন। পুলিশ জানিয়েছে, প্রায় ৪ বর্গকিলোমিটার এলাকা ভূমিধসের শিকার হয়েছে। তিব্বতের খনিটি তামা উত্তোলন করে থাকে।