মুম্বাইয়ে কারখানায় বিস্ফোরণে নিহত ৫

মুম্বাইয়ে একটি বস্তি এলাকায় অবস্থিত একটি ছোট কারখানায় শুক্রবার বিস্ফোরণে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে। কারখানার পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ জানতে এ ব্যাপারে ফরেনসিক তদন্ত করা হচ্ছে। নগরীর আন্ধেরির শহরতলীতে ভোরে এ বিস্ফোরণ ঘটে। নাম প্রকাশ না করার শর্তে নগরীর নিয়ন্ত্রণ কক্ষের এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, সেখানে অস্থায়ী একটি শিল্প ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বস্তির পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়ার কারণে এটি ঘটে। এতে পাঁচজন নিহত হয়। তারা সেখানে ঘুমিয়েছিল। তিনি জানান, আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী সারতাজ আহমেদ এনডিটিভি নিউজ চ্যানেলকে বলেন, ‘সাহায্যের জন্য লোকজনের চিত্কার শুনে আমরা সেখানে আসি এবং এক বৃদ্ধকে উদ্ধার করি।’ বিস্ফোরণের শব্দ শুনে জেগে ওঠা স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, আমরা ঘর থেকে বেরিয়ে এসে সেখানে প্রচুর ধোঁয়া উড়তে দেখি।