চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ২৮

চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে জিলিন প্রদেশের বাইশান শহরের বাবাও কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া গতকাল শনিবার এ কথা জানিয়েছে। বার্তা সংস্থাটি প্রাদেশিক সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই খনি থেকে জীবিত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রনিয়ন্ত্রিত ওই খনি থেকে টোংঘুয়া মাইনিং (গ্রুপ) কোম্পানি কয়লা উত্তোলন করে থাকে। এদিকে একই দিনে তিব্বতের একটি সোনার খনিতে পাহাড়ধসের ঘটনায় ৮৩ জন শ্রমিক মাটির নিচে চাপা পড়েছে। সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক এই দুর্ঘটনাগুলো চীনের খনিগুলোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থার ফলাফল বলেই মনে করা হচ্ছে। গত কয়েক বছর যাবত্ দেশটিতে খনি দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০১১ সালে চীনে খনি দুর্ঘটনায় ১৯৭৩ জন নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো।