ইরাকে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ১৯

ইরাকের রাজধানী বাগদাদ এবং উত্তরাঞ্চলীয় কিরকুকের ৫টি শিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের পর গাড়িবোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩০ জন। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, হামলায় বাগদাদে নিহত হয়েছে ১৬ জন। কিরকুকে নিহত হয়েছে আরো ৩ জন। আল কায়েদার ইরাকি শাখার সুন্নি মুসলিমরা এ বছর হামলা জোরদার করেছে। তারা প্রায়ই শিয়া অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পুলিশ বলেছে, দক্ষিণ-পূর্ব এবং উত্তর বাগদাদের শিয়া মসজিদগুলোতে বোমা হামলা হয়েছে। আরেকটি বোমা হামলা হয়েছে কিরকুকে। এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা মসজিদের ইমামের খুতবা শোনার সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। সব জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে যায় কাঁচ। ছাদের অংশবিশেষ ভেঙে পড়ে।