চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন

ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বারের বহু প্রত্যাশিত নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। চেম্বারের বর্তমান সভাপতি মোর্শেদ মুরাদের নেতৃত্বাধীন মোর্শেদ-ছালাম এবং বর্তমান সিনিয়র সভাপতি মাহবুবুল আলম নেতৃত্বাধীন মাহবুব-সেলিম প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে উভয় প্যানেল তাদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচন ঘিরে পুরো আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মানুষের ঢল নামে। সকাল থেকেই চট্টগ্রাম চেম্বার ভবনের সামনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা জমায়েত হয়ে প্রচারণা চালান। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের সমর্থকদের নিজ নিজ প্যানেলের পক্ষে শ্লোগান ও উচ্ছসিত প্রশংসায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নির্বাচনে অন্যান্যের মধ্যে ভোট প্রদান করেন চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলম, এমএ লতিফ এমপি, সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এমপি, মাহজাবিন মোর্শেদ এমপিসহ চট্টগ্রামের রাজনীতিক ও ব্যবসায়ীরা। নির্বাচনে ২১ পরিচালক পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণত চেম্বারের ৪ ক্যাটাগরিতে ২৪ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে অর্ডিনারি গ্রুপ থেকে ১২ জন, এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন, টাউন গ্রুপ থেকে ৩ জন এবং ট্রেড গ্রুপ থেকে ৩ জন নির্বাচিত হবেন। তবে ইতিমধ্যে ট্রেড গ্রুপ থেকে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ৩ জনই মাহবুব-সেলিম প্যানেল সমর্থক বলে জানা গেছে।