চার বিচারপতিকে শপথ না পড়াতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ২২:৪৯
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতিকে শপথ না পড়াতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির আহ্বান উপেক্ষা করে আজ রবিবার শপথ পড়ানো হলে তা বর্জনেরও ঘোষণা দেয়া হয়েছে। একইসঙ্গে বিচারপতিদেরও শপথ অনুষ্ঠানে যোগ না দেয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে নিয়োগ বাতিল না করা হলে আজ রবিবার সুপ্রিম কোর্টসহ সারাদেশের বার সমিতিতে প্রতিবাদ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে গতকাল শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জয়নুল আবেদিন বলেন, বিচার বিভাগের ওপর বর্তমান সরকার একের পর এক হস্তক্ষেপ করছে। আমরা আগেই এ নিয়োগের বিষয়ে প্রধান বিচারপতিকে সতর্ক করেছিলাম। কিন্তু তিনি আইনজীবী নেতৃবৃন্দকে উপেক্ষা করে চার বিচারপতি নিয়োগের সুপারিশ করেছেন। এ অবস্থায় দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না। পরে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কর্মসূচি ঘোষণা করেন।