চট্টগ্রাম কাস্টম শনিবার খোলা থাকবে

সাম্প্রতিক হরতালে ৮শ’ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন বলেছেন, দেশের সহিংস রাজনীতির কারণে চট্টগ্রাম কাস্টমস হাউস এখন থেকে শনিবারও খোলা থাকবে। একইসাথে আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালাতে সংশ্লিষ্ট সকল অফিস খোলা থাকবে। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকেও শনিবার তার অফিস খোলাসহ সকল কার্যক্রম চালানোর অনুরোধ করেন। গতকাল শনিবার চট্টগ্রাম কাস্টমস হাউসের সভাকক্ষে আমদানি ও রপ্তানিকারক এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে বৈঠকে উপরোক্ত বক্তব্য রাখেন। এনবিআর চেয়ারম্যান বলেন, সামপ্রতিক হরতাল কর্মসূচির কারণে ৮০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। তিনি বলেন, রাজনীতির নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, যতদিন পর্যন্ত দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত শনিবার কাস্টমস, ভ্যাট, আয়কর বিভাগসহ সংশ্লিষ্ট সকল বিভাগ খোলা থাকবে। শুক্রবার চট্টগ্রাম কাস্টমসের আংশিক কাজ চলবে। বৈঠকে বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি আতিকুল ইসলাম বলেন, শিগগির নেভীর মাধ্যমে ঢাকা থেকে নদী পথে চট্টগ্রামে কার্গো পাঠানো হবে। তিনি স্বাভাবিক পণ্য পরিবহনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ রাখার দাবি জানান। এছাড়া আমদানি-রপ্তানির ক্ষেত্রে সাপ্লাই চেইন যাতে বিঘ্ন না হয় সে ব্যাপারে সকল সংস্থাকে কাজ করার আহবান জানান তিনি। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, মাহবুব আহমদ, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস এসোসিয়েশনের পরিচালক কামরুল আলম সুজন, এবিআর’র সদস্যবৃন্দ, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার, বন্দর কর্তৃপক্ষের সদস্যসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।