কাজিপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ২২:৫৩
সিরাজগঞ্জের কাজিপুরে গত শুক্রবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। এছাড়াও সংঘর্ষের সময় চালিতাডাঙ্গা বাজারে বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাজিপুর থানার ওসি জানান, তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বেলাল ও চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী তাহেরের সাথে কাজিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রহরী নিয়োগ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ ছিল। যুবলীগ নেতার ভাই রকিবুল হাসান এবং ভাইস চেয়ারম্যান আলী আকবরকে নিয়োগ দেয়ার চেষ্টা করেন। এ ঘটনার জের ধরে গত শুক্রবার বিকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামকে মারপিট করে যুবলীগ নেতার সমর্থকরা। পরে সন্ধ্যায় ভাইস চেয়ারম্যানের সমর্থকরা ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে পিটিয়ে আহত করেন। এছাড়াও চালিতাডাঙ্গা বাজারে উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিস ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।