অতিরিক্ত শুল্ক তৈরি করে ফাঁকির প্রবণতা

শিল্পখাতের উদ্যোক্তারা মনে করেন, পণ্যের আমদানির ক্ষেত্রে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপের ফলে শুল্ক ফাঁকির প্রবণতা তৈরি করে। এতে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হয়। এজন্য যৌক্তিক শুল্ক ও কর কাঠামো নির্ধারণ করা জরুরি। সেইসাথে শুল্ক কাঠামো দেশীয় শিল্পবান্ধব হওয়া উচিত। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘আমদানি বিকল্প পণ্য উত্পাদনে শিল্পবান্ধব শুল্ক ও ট্যারিফ কাঠামো প্রণয়নের সুপারিশ’ শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। আসন্ন ২০১৩-১৪ অর্থবছরের বাজেট সামনে রেখে দেশীয় শিল্পবান্ধব ট্যারিফ কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে শিল্প মন্ত্রণালয় এ সেমিনার আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। উদ্যোক্তারা দেশীয় শিল্পের বিকাশে ঘন ঘন শুল্ক ও করের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি না করে যে কোনো শিল্পের জন্য ঘোষিত কর সুবিধা সুনির্দিষ্ট সময় পর্যন্ত বজায় রাখার পরামর্শ দেন। শিল্প উদ্যোক্তারা বলেন, দেশীয় শিল্প বিকশিত হলে আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও ভোক্তার কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে। এর জন্য মেধাভিত্তিক ও পরিকল্পিত শিল্পায়নের প্রসার ঘটাতে হবে। এছাড়া দেশের রাজস্ব আয় বৃদ্ধির জন্য একই শিল্প পণ্যের ওপর বার বার শুল্কের পরিমাণ না বাড়িয়ে কর নেটওয়ার্ক বাড়ানোর তাগিদ দিয়ে তারা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনি জোরদারের জন্য প্রত্যক্ষ করের (আয়কর) আওতা বাড়াতে হবে। তারা সাম্প্রতিক ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে দেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে দ্রুত সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের তাগিদ দেন। আগামী বাজেটে আমদানি বিকল্প শিল্পের কাঁচামালের ওপর শূন্য শুল্ক নির্ধারণ করা, সফ্টওয়্যার শিল্পের ওপর কর অবকাশের আওতা তিন বছর বাড়ানোর পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের ওপর শতকরা ১৫ ভাগ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার, মোবাইল ফোনের ওপর শূন্য শুল্ক নির্ধারণের দাবি জানান। সেমিনারে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদউদ্দিন। এতে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান শাহাবউল্লাহ, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট (বিএফটিআই)-এর প্রধান নির্বাহী ড. মজিবুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দীন আহমেদ ও ডিসিসিআইর প্রেসিডেন্ট সবুর খান বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, এফবিসিসিআইর পরিচালক আব্দুল হক, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নারী শিল্পোদ্যোক্তা রূপালী চৌধুরীসহ বিভিন্ন চেম্বার, ট্রেডবডি ও শিল্প উদ্যোক্তা সংগঠনের নেতারা আলোচনায় অংশ নেন।