সুন্দরগঞ্জে ধান ক্ষেতে মাজরা পোকার আক্রমণ

উপজেলায় বোরো ধান ক্ষেতে মাজরা পোকার আক্রমণ দেখা দেয়ায় কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন। জানা গেছে, এ বছর উপজেলায় বোরো ধানের উত্পাদন আশাতীত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে জমিতে কিছু কিছু জাতের ধান বের হতে শুরু করেছে। এ সময় ধান ক্ষেতে মাজরা পোকা ব্যাপক আক্রমণ দেখা দেয়ায় কৃষকরা আতঙ্কে পড়েছেন। জরমনদী এলাকার কৃষক ভুট্টু মিয়া, চাচীয়া মীরগঞ্জের আনোয়ার মিয়া, ছাপড়হাটীর শুকরু শেখসহ অনেক কৃষক জানান, ক্ষেতে আবাদ ভাল হলেও যেভাবে পোকার আক্রমণ দেখা দিয়েছে তাতে ফলন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। বিভিন্ন জাতের কীটনাশক ব্যবহার করেও পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার জানান, এ বছর উপজেলায় ২৩ হাজার ৮শ’ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, ফলনও ভাল দেখা যাচ্ছে। কিন্তু কোন কোন জায়গায় ক্ষেতে পোকার আক্রমণ দেখা দেয়। তবে মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পোকা দমনে সব সময় কৃষককে কীটনাশক ব্যবহারসহ বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন।