১৮ দিন পর ৩ পুলিশসহ ৪ জন মিয়ানমার থেকে ফেরত
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২১:৩৫
মিয়ানমার মংডুতে বিজিবি-নাসাকা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ৩ পুলিশসহ আটক ৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে নাসাকা বাহিনী। ৩১ মার্চ রবিবার সকাল ১১ টায় ৪২ বিজিবি ব্যাটালিয়ন অপারেশন অফিসার এইচ কামরুল হাসানের নেতৃত্বে টেকনাফ বিওপি বিজিবির সুবেদার জকরিয়াসহ ৬ জনের একটি প্রতিনিধি দল স্পীড বোট যোগে খায়ুকখালী খাল দিয়ে মিয়ানমার উদ্দেশ্যে রওয়ানা করেন। সকাল সাড়ে ১১ টায় মিয়ানমার মংডু টাউনশীপে মিয়ানমার মংডু ইমিগ্রেশন বিভাগের পরিচালক উইল চিং এর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বিজিবি-নাসাকা বাহিনীর মধ্যে আধ ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মিয়ানমার নাসাকা বাহিনী গত ১৩ মার্চ ঘুনধুম সীমান্তে আটক পুলিশসহ ৪ বাংলাদেশিকে বিজিবি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে। বিজিবি প্রতিনিধি দল দুপুর একটায় হস্তান্তরকৃতদের নিয়ে দেশে ফেরত আসেন। এরা হচ্ছে, পুলিশ কনস্টেবল ১৭০৮ মুজিবুর রহমান, ১২৫৮ মোঃ ইমরান হোসেন, ১৭৫৮ ইরফান সরকার ও উখিয়া টিভি রিলে কেন্দে র কর্মচারী মোঃ সাইফুল। এদিকে বিজিবি টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করে ফেরত আসা ৩ পুলিশ সদস্য সহ ৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। অপরদিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আয়াতুল্লাহ ফেরত আসাদের পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তারা সম্পূর্ণ সুস্থ ও মানসিক ভাবে ভাল রয়েছে। তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফেরত আসা ৩ পুলিশ সদস্যসহ ৪জনকে গ্রহণ করার জন্য কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ আজাদ মিয়া টেকনাফ সদর বিওপি বিজিবি ট্রানজিট ঘাটে অবস্থান করেন। আটককৃতদের গ্রহণ শেষে তিনি জানান, নাসাকা বাহিনী তাদেরকে কোন প্রকার মানসিক বা শারীরিক নির্যাতন করেনি।