গোপালগঞ্জে স্ত্রী ও সন্তানদের হাতে বৃদ্ধ খুন
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২১:৩৫
গোপালগঞ্জে বহু বিবাহের বিরোধকে কেন্দ্র করে স্ত্রী ও সন্তানরা হত্যা করেছে বৃদ্ধ হাজী ইজারউদ্দিন মোল্লাকে (৮৫)। গত শনিবার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাশিয়ানী থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, ২২ সন্তানের জনক হাজী ইজারউদ্দিন ৭টি বিয়ে করেন। এ নিয়ে সন্তান ও স্ত্রীর সাথে তার বিরোধ শুরু হয়। সমপ্রতি তার ৬ষ্ঠ স্ত্রী চিনু বেগমকে তালাক দেয়। চিনু বেগমের ছেলে কিনাম তার বাড়িতে থাকতো। শনিবার চিনু বেগম দু’মেয়ে শোভা ও আলোকে নিয়ে কিনামকে ফেরত নিতে যায়। এ নিয়ে ইজার সাথে চিনু বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চিনু বেগম ও তার দু’মেয়ে হামলা করে। ইজারকে বাড়ি থেকে ফাঁকা জায়গায় বের করে এনে ইট দিয়ে মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তার মৃত্যু হয়। কাশিয়ানী থানার ওসি বলেন, এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।