শ্রীপুরে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২১:৩৯
মাগুরার শ্রীপুরে ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুত্ না থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিয়মনীতি ছাড়াই যখন-তখন বিদ্যুত্ বন্ধ করে রাখা হচ্ছে। একবার বিদ্যুত্ গেলে ২-৩ ঘন্টার মধ্যে দেখা মেলে না। দিনে-রাতে ২৪ ঘন্টার মধ্যে ৪ থেকে ৫ বার বিদ্যুত্ বন্ধ রাখা হয়। এতে গ্রাহকরা দিনে-রাতে ৮ থেকে ১০ ঘন্টার ঊর্ধ্বে বিদ্যুত্ সুবিধা পাচ্ছে না। ভোর থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত, ২টা থেকে ৫টা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুত্ বন্ধ থাকে। এদিকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও সন্ধ্যার সময় নিয়মিত বিদ্যুত্ থাকছে না। ফলে পরীক্ষার্থীদের পাশাপাশি গৃহস্থালি কাজ-কর্মেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে দিনেরবেলায় একটানা দীর্ঘ সময় বিদ্যুত্ বন্ধ থাকায় মিল-কারখানা, কম্পিউটার, ফটোস্ট্যাট, মোবাইল চার্জসহ সংবাদকর্মীদের সময়মত পত্রিকায় সংবাদ পাঠাতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। প্রশ্ন উঠেছে- উপজেলার বিভিন্ন এলাকায় বোরো মৌসুমের মাঝামাঝি সময়ে যদি বিদ্যুতের এমন হাল হয় তাহলে ভরা মৌসুমে কি হবে। জানা গেছে, এ এলাকায় বিদ্যুতের চাহিদা রয়েছে ৫ থেকে ৬ মেগাওয়াট অথচ প্রয়োজনের তুলনায় পাওয়া যাচ্ছে মাত্র দেড় থেকে ২ মেগাওয়াট। মাগুরা জেলার ৪টি উপজেলায় পল্লী বিদ্যুতের পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা রয়েছে ১১ মেগাওয়াট অথচ পাওয়া যাচ্ছে মাত্র ৪ মেগাওয়াট। আপ পিক আওয়ারে চাহিদা রয়েছে ১৬ থেকে ১৭ মেগাওয়াট কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট। ফলে প্রয়োজনের তুলনায় কম বিদ্যুত্ সরবরাহে লোডশেডিং লেগেই আছে ।