সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২১:৪৩
রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি\ রাজবাড়ী চেম্বার অব কমার্সের আয়োজনে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে ৩০শে মার্চ থেকে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০১৩। সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল মেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফজুলর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিপুল চন্দ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার রুবিনা ফেরদৌসী, সদর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোঃ শামিরুল হোসেন শামু, সহ-সভাপতি অরূপ দত্ত হলি, পরিচালক শফিকুল ইসলাম শফি ও জাকির হোসেন জাকির প্রমুখ উপস্থিত ছিলেন। চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলীসহ চেম্বার নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান।
দিনাজপুরে ইমাম-ওলামা কল্যাণ সমবায় সমিতির সভা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ গতকাল রবিবার সকালে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে দিনাজপুর সদর উপজেলা ইমাম-ওলামা কল্যাণ সমবায় সমিতি লিমিটেড আয়োজিত ইসলাম ও জঙ্গিবাদ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। দিনাজপুর ইমাম-ওলামা কল্যাণ সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক আহমেদ শামিম আল রাজী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য প্রমুখ।
চাটখিলে স্বাধীনতা ও বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ চাটখিলে ছাত্রলীগের উদ্যোগে একটিভ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্বাধীনতা ও বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শনিবার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগ আহবায়ক সালাহউদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি ছিলেন একটিভ গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন চাটখিল পৌর মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর।
কুমিল্লায় ২৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
কুমিল্লা প্রতিনিধি\ রোটারী শিক্ষা মাস উপলক্ষে রোটারী ক্লাব অব কুমিল্লার উদ্যোগে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত শনিবার নগরীর হোচ্ছামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন রোটারী ক্লাব অব কুমিল্লার সেক্রেটারী অরুণ কান্তি সাহা ও রোটা. পিপি অ্যাড. গোলাম ফারুক।
নগরকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ নগরকান্দায় উপজেলা প্রশাসন পরিচালিত ইসলামি আদর্শ শিশু শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবাশ্বের হাসান। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা আ’লীগের সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ-সভাপতি আঃ সোবহান মিয়া, ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সুইট, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার।
সুন্দরগঞ্জে ছাত্রলীগ নেতার উপর সশস্ত্র হামলা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার সুন্দরগঞ্জে শরিফুল হত্যার রেশ কাটতে না কাটতেই ছাত্রলীগ নেতার উপর সশস্ত্র হামলা হয়েছে। জানা গেছে, গতকাল রবিবার সকালে ছাপড়হাটীর আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল হাসান (বাবু)’র উপর নয়া হাটনামক স্থানে পূর্ব থেকে ওত পেতে থাকা আব্দুল জলিল মিলেটারী ও অজ্ঞাত ২০/২৫ জন হামলা চালায়। এতে বাবু গুরুতর আহত হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার এসআই সিদ্দিক হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
বানিয়াচং মন্দরী ইউপি উপনির্বাচনে জালাল নির্বাচিত
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা \ বানিয়াচং মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শনিবার উপনির্বাচনে মাত্র ১ ভোট বেশি পেয়ে কৃষকলীগ নেতা জালাল উদ্দিন খন্দকার (মাইক) বিজয়ী হয়েছেন। গত ১২ জানুয়ারি ওই ইউনিয়নের চেয়ারম্যান মো: ওয়াহাব মারা গেলে পদটি শূন্য হয়।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফখরুদ্দিনকে জেলে প্রেরণ
ময়মনসিংহ প্রতিনিধি \ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ময়মনসিংহ জেলা বিএনপি’র সহসভাপতি ও ভালুকা উপজেলা বিএনপি’র সভাপতি সর্বোচ্চ আয়করদাতা (সিআইপি) ফখরুদ্দিন আহাম্মেদ বাচ্চুকে জেল-হাজতে প্রেরণ করেছে। রবিবার দুপুরে ময়মনসিংহে দ্রুত বিচার আদালতে জামিনের জন্য হাজির হলে বিচাররক হাবিবুর রহমান তাঁর জামিন না মুঞ্জুর করে দ্রুত বিচার আইনে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।