সিংড়া বনকে সংরক্ষণ করতে হবে

সিংড়া দিনাজপুর জেলার সংরক্ষিত বনাঞ্চল। স্থানীয়ভাবে এটি সিংড়া শালবন নামেও পরিচিত। উদ্যানটির আয়তন ৩৫৫  হেক্টর। পরিবেশের উন্নয়ন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটন সুবিধার জন্য বনবিভাগ বনটিকে ২০১০ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এর পর থেকেই উদ্যানটি পর্যটকদের কাছে আকর্ষণীয় জায়গা হয়ে ওঠে। এক সময় এ বনে বাঘ, হরিণ ও ভালুকসহ আরো অনেক প্রাণী ছিল। কিন্তু বর্তমানে দেখা মেলে অল্পসংখ্যক খরগোশ, সাপ, বেজি এবং পাখপাখালির। জনসংখ্যার চাপ এবং বনভূমি ধ্বংসের কারণে বন্যপ্রাণীর অবাধ বিচরণ সম্ভব হচ্ছে না। শিকারিদের হাতে মারা পড়ছে বন্যপ্রাণীগুলো। আরডিআরএস-এর সহায়তায় বন ব্যবস্থাপনা কমিটি থাকলেও কার্যক্রম ততটা সক্রিয় নয়। তাই বন্যপ্রাণী সংরক্ষণ, ভারসাম্য রক্ষা এবং পর্যটকবান্ধব করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সুজন আলী

ঢাকা বিশ্ববিদ্যালয়