যুক্তির ফুল ফুটলো পাহাড়ে

এনডিএফ বিডি বান্দরবান পার্বত্য জেলা কর্মশালা অনুষ্ঠিত

পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বাঙালি ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিতর্কের আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল “১ম এনডিএফ বিডি বান্দরবান পার্বত্য জেলা বিতর্ক কর্মশালা ’১৩”। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে বান্দরবান জেলার পাঁচ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে গত শনিবার কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এই অনুষ্ঠানকে সফল করতে বান্দরবানে উপস্থিত হয় সারা দেশের সেরা ৪০ জন তুখোড় বিতার্কিক। দিনব্যাপী এ আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সংসদীয় বিতর্কের ওপর কর্মশালা, প্রদর্শনী বিতর্ক, বিতর্কের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনসহ নানা আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী। এই বিতর্কে অংশগ্রহণ করে সোহান, ফাল্গুনী, সাঈদ, লিখন, হাসান ও তমা। বিতর্কে মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর কো-চেয়ারম্যান উত্তম রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার কামরুল আহসান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এ এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সংসদীয় বিতর্কের ওপর একটি কর্মশালা পরিচালনা করা হয়। অনুষ্ঠানে একটি প্রদর্শনী বিতর্ক উপস্থাপিত হয়। বিতর্কের বিষয় ছিল “বিশ্বায়ন তৃতীয় বিশ্বের জন্য হুমকিস্বরূপ”। এ অনুষ্ঠানে আগত অতিথিরা আশা প্রকাশ করেন এ আয়োজন যুক্তিবাদী, আধুনিক ও গণতন্ত্র মনস্ক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিতর্ক কর্মশালার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের একটি দল উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি গত ২৯ ও ৩০ মার্চ বিতর্ক শিল্পকে জনপ্রিয় করার জন্য এবং ২০১৩-২০১৪ কর্মবর্ষে বিতর্ক সংগঠনে সঠিক নেতৃত্ব তৈরির লক্ষ্যে পরিচালনা করে “এনডিএফ বিডি লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম ’১৩”। যার মধ্যদিয়ে এমন এক সমাজ বিনির্মাণের জন্য তার্কিকরা বিতর্ক করবে যেখানে জোরের যুক্তি নয়, যুক্তির জোর প্রতিষ্ঠিত হবে। বিতর্ক শিল্পের চর্চার মধ্যদিয়ে অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ প্রতিষ্ঠিত হবে। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক। -প্রেস বিজ্ঞপ্তি