হযরত শাহজালাল বিমানবন্দরে পৌনে ৩ কেজি স্বর্ণ উদ্ধার
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২২:২৬
হযরত শাহজালাল বিমানবন্দরে গতকাল রবিবার পৌনে ৩ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দরের কাস্টমস। এ ঘটনায় বিমান যাত্রী শাজাহান ও বিমানবন্দর চত্বর থেকে রুবেল নামে একজনসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়। সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে গতকাল বিকালে এই স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামানিক জানান, বিমান যাত্রী শাজাহানের লাগেজ স্ক্যানিং করার সময় গতকাল সাড়ে ৫ টার দিকে স্বর্ণ রয়েছে বলে তথ্য মিলে। লাগেজ তল্লাশি করে ভেতরে বিশেষ কৌশলে প্যাকেট করা স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। বিস্কুটগুলোর পরিমাণ ২শ’ ২০ তোলা। যার পরিমাণ আনুমানিক পৌনে ৩ কেজি। গ্রেফতার করা বিমান যাত্রী শাজাহান জানান, স্বর্ণের বিস্কুটগুলো রুবেল নামে এক ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল। কাস্টমস কর্মকর্তারা তার কাছ থেকে রুবেলের মোবাইল ফোন নম্বর নেয়। ঐ নম্বরে ফোন করে বিমানবন্দরের আগমন গেট থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। শাজাহান ১০ বছর ধরে সৌদি আরবের রিয়াদে থাকছেন। ৪ বছর পর গতকাল তিনি দেশে ফিরেছেন।