খুলনা সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে ১৮ দলের হরতাল পালিত

খুলনা, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও ১৮ দলের ডাকা হরতাল পালিত হয়েছে। খুলনায় বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে, সিরাজগঞ্জে জামায়াত কর্মী গ্রেফতারের জের ধরে সংঘর্ষে তাঁত শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ জন নিহত হওয়ার প্রতিবাদে হরতাল ডাকা হয়। খুলনা অফিস জানায়, ডুমুরিয়া সদর উপজেলা যুবদল সহ-সভাপতি ও তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপি নেতা হত্যার প্রতিবাদে জেলা বিএনপির ডাকে গতকাল রবিবার খুলনা জেলার ৯ উপজেলায় সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। ৩৬ ঘন্টার হরতালের শেষদিনে গত বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সদরে বিএনপির মিছিলের পর যুবলীগ কর্মীরা স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি গাজী নাসির উদ্দিন সুমনকে (৩০) বেদম প্রহার করে পুলিশের কাছে সোপর্দ করে। তাকে মুমূর্ষু অবস্থায় চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার রাত ২টায় ফরিদপুরের ভাঙ্গায় তিনি মারা যান। অপরদিকে, গত বুধবার রাতে তেরখাদা উপজেলার উত্তরকোলা গ্রামে গণপিটুনির শিকার হন স্থানীয় বিএনপি নেতা বুলু মোল্লা (৫৫)। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওই দুই নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল রবিবার খুলনা জেলা বিএনপি জেলার ৯ উপজেলা ও দুই পৌরসভায় হরতালের ডাক দেয়। গতকাল রবিবার সকালে ডুমুরিয়া উপজেলা সদরে সরেজমিনে ঘুরে কোথাও কোনো দোকানপাট খোলা দেখা যায়নি। দুই-একটি ভ্যানগাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করেনি। এছাড়া তেরখাদা ফুলতলা, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলা সদরে বিএনপি নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে। এ তিন উপজেলাতে সকাল থেকেই দোকানপাট বন্ধ ছিল। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যানবাহন ভাংচুর, হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ ও বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সিরাজগঞ্জে ১৮ দলের ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে। এদিকে গতকাল রবিবার দেড়টার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফিরোজকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হরতালের শুরুতে পিকেটাররা সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে ৩টি পাথর ও ১টি গরু বোঝাই ট্রাক ভাংচুর করে। এ সময় ট্রাকের চালক ও এক ব্যবসায়ীকে মারপিট করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে জেলা বিএনপির উদ্যোগে হরতালের পক্ষে বের হওয়া একটি মিছিল বাজার স্টেশন এলাকায় পৌঁছলে সেখানে ১টি মোটর সাইকেল ভাংচুর এবং সকাল ১০টার দিকে সদর উপজেলার ব্রহ্মগাছা বাজারে একটি মোটর সাইকেল ও একটি দোকান ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। এদিকে, বেলকুচিতে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপজেলা সদরে অবস্থান নিয়ে দফায় দফায় হরতালের বিপক্ষে মিছিল-সমাবেশ করেছে। সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ ১৪ দলের নেতারা বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার পল্লীবিদ্যুত্ অফিস এবং সাবস্টেশন জামায়াত শিবিরের দেয়া আগুনে ভস্মীভূত হওয়া মামলার আসামি ধরতে গিয়ে তিন জন নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। বেলা ৯টার দিকে টোলঘরে পুলিশের একটি পিকআপ ভ্যানে ককটেল ছুঁড়ে হরতালকারীরা। এতে পিকআপ ভ্যানের সামনের কাঁচ ভেঙ্গে যায়। শহরের টোলঘর এলাকায় বিভিন্ন অলিগলি থেকে বিক্ষিপ্তভাবে জামায়াত-শিবিরের কর্মীরা পিকেটিং করার চেষ্টা করেছে। তারা ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। এ সময় পাল্টা রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে। সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে যানবাহন চলাচল করেনি।