বাংলাদেশ সীমান্তে নাশকতা চালাতে রোহিঙ্গাদের নিয়োগ করছে লস্কর-ই-তৈয়বা
তারিক হাসান, কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২২:৪১
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রভাব বাড়াচ্ছে জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বা এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতে নাশকতার লক্ষ্যে নিয়োগ করছে রোহিঙ্গা যুবকদের। এ ব্যাপারে বাংলাদেশ এবং মিয়ানমারকে সতর্ক করেছে ভারত সরকার।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, আর্থিকভাবে অনগ্রসর রোহিঙ্গা যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হচ্ছে থাইল্যান্ড থেকে আনা অস্ত্র। আর্থিক প্রলোভন দিয়ে যুক্ত করা হচ্ছে জঙ্গি কার্যকলাপে। সূত্র জানিয়েছে, সম্প্রতি লস্কর ই তৈয়বা নেতা হাফিজ সাইদ মিয়ানমারের রাখাইন রাজ্যে এসে জামাত উল আরাকান এবং বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএমবি’র কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন উগ্রপন্থি আরাকান নেতারাও।
ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে আরও জানা গেছে, বান্দরবান এলাকায় নতুন করে ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ছে জেএমবি। নাশকতার প্রশিক্ষণ দিতে তাদের সাহায্য করছে মিয়ানমারের জঙ্গি সংগঠন তোহরিক ই আরাকান।