তারেক রহমান আজ সৌদি আরব যাচ্ছেন

লন্ডনে চিকিত্সাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ওমরাহ পালনের জন্য এক সপ্তাহের সফরে আজ সোমবার সৌদি আরবে যাবেন। চিকিত্সার্থে লন্ডনে গিয়ে দীর্ঘ প্রায় ৫ বছর অবস্থানকালীন সময়ের মধ্যে এই প্রথম তারেক রহমান লন্ডনের বাইরে কোনো দেশে যাচ্ছেন। ৩ এপ্রিল পর্যন্ত তিনি পবিত্র মদীনা মুনাওয়ারায় অবস্থান করবেন। ৪ এপ্রিল তারেক রহমান মদীনা থেকে সপরিবারে পবিত্র মক্কা যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালনসহ আরো তিনদিন অতিবাহিত করবেন। পবিত্র মক্কা থেকে ৭ এপ্রিল আবারও ফিরে যাবেন লন্ডনে। সাতদিনের এ ওমরাহ সফরে তারেক রহমানের সঙ্গী হচ্ছেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ঝুনু ও কন্যা জায়মা রহমান। গত ২০০৮ সালে তত্কালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আদালতের জামিন নিয়ে ১১ সেপ্টেম্বর তিনি লন্ডন যান। ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে তত্কালীন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গ্রেফতার করে কয়েকটি মামলা দেয়।