গেজেটে এমপির নাম ভুল!

নাম সংশোধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন এক বর্ষীয়ান রাজনীতিক। তিনি হলেন জাতীয় সংসদের বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ। সংসদ সদস্য হিসেবে প্রকাশিত গেজেটে ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ-এর স্থলে ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ লেখা হয়েছে। গত ৬ষ্ঠ ও ৭ম সংসদে ‘ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ’ হিসেবে নাম লেখা হলেও নবম সংসদে ভুলবশত ‘ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ’ লেখা হয়। এতে করে বিভ্রান্তিতে পড়েন এই রাজনীতিক। গত ২৪ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক বরাবর এক পত্রে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ নাম সংশোধনের আবেদন করেন। আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্র নম্বরসহ পরিচয়পত্র সংযুক্ত করেছেন তিনি। পত্রে তিনি ‘ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ’-এর স্থলে ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ হিসেবে গেজেট জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। আবেদনপত্রের একটি অনুলিপি সংসদ সচিবালয়ের সচিব বরাবরও পাঠানো হয়েছে।