লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে গতকাল রবিবার সকালে ভারতীয় বিএসএফের গুলিতে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। বিজিবি ও স্থানীয়রা জানান, উপজেলার বুড়িরহাট বিওপি এলাকার চন্দ্রপুর সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলারের ৮-এসের সাব-পিলার সংলগ্ন মালদহ নদীর পাশে নো-ম্যান্স ল্যান্ড এলাকায় গরু নিয়ে যাবার পথে ভারতীয় কুচবিহার জেলার কাইতারবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল ইউনিট ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে সিরাজুল ইসলাম নো-ম্যান্স ল্যান্ড থেকে দৌড় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা অবস্থায় তার কোমড়ে গুলি লাগে । ঘটনাস্থলেই সিরাজুল মারা যায়। নিহত সিরাজুল উপজেলার লতাবর গ্রামের আবুল হোসেনের ছেলে। বিজিবি দইখাওয়া ক্যাম্পের সুবেদার শাহ আলম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতীয় কাইতারবাড়ী বিএসএফ ক্যাম্পে পত্র প্রেরণ করা হয়েছে। কসবা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর সীমান্ত এলাকা থেকে শনিবার রাতে বাংলাদেশি যুবক রাসেল মিয়াকে (৩০) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আটক রাসেল মিয়াকে ফেরত পেতে গতকাল রবিবার দুপুরে বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ রিপোর্ট লিখা পর্যন্ত বিকেল সাড়ে ৫টায় রাসেলকে ফেরত দেয়নি বিএসএফ। রাসেল মিয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের দুলাল মিয়ার পুত্র। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাসেল মিয়া রাতে এলাকায় ঘোরাফেরা করছিল। টহলরত বিএসএফ তাকে আটক করে ভারতে নিয়ে যায়।