গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চার্জে সুনির্দিষ্ট অভিযোগ নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল রবিবার গোলাম আযমের পক্ষে প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। তিনি ট্রাইব্যুনালে বলেন, গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা চার্জে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি টিক্কা খানের সঙ্গে দেখা করেছেন। দেখা করা কোন অপরাধ হতে পারে না। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ সোমবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করেছে। গোলাম আযমের মামলাটির বিচারিক প্রক্রিয়া বর্তমানে শেষ ধাপে রয়েছে। আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলে আইন অনুসারে গোলাম আযমের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন ধার্য করবে ট্রাইব্যুনাল। এদিকে একই ট্রাইব্যুনালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী রুস্তম আলী মোল্লাকে আসামিপক্ষের জেরাকালে দুইপক্ষের আইনজীবীদের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে ট্রাইব্যুনালের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়। পরে জেরা অসমাপ্ত রেখে মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল-২ এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে গতকাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। প্রথমে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর ড. তুরিন আফরোজ। দুপুরের বিরতির পরে পুনরায় যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। আগামীকাল মঙ্গলবার থেকে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।