রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ অন্যত্র চলে যেতে পারে :মজীনা
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২২:৫১
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্ট অনিশ্চয়তায় বিদেশী বিনিয়োগ অন্যত্র চলে যাওয়ার আশংকা করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। তিনি বলেন, বাংলাদেশ এশিয়ার পরবর্তী টাইগারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অনেক বিনিয়োগকারী চীনের পরে বিকল্প হিসেবে বাংলাদেশের কথা ভাবছিল। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা চলতে থাকলে এই বিনিয়োগ ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অন্যত্র চলে যেতে পারে।
গতকাল রবিবার সাভারের আশুলিয়ায় হা-মীম গ্রুপের গার্মেন্টস কারখানা পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকদের এ আশংকার কথা জানান। এ সময় হা-মীম গ্রুপের কর্ণধার ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ উপস্থিত ছিলেন।
ড্যান মজীনা বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন কীভাবে করা যায় তা রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে খুঁজে বের করতে হবে। এ কাজটি করতে হবে এখনই। কারণ হরতালের মত পরিস্থিতি বাংলাদেশ সহ্য করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধার প্রশ্নে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা হারালে বহির্বিশ্বে বাংলাদেশের একটি নেতিবাচক ভাবমূর্তির সৃষ্টি হবে। অন্যদিকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদানের বিষয়ে দরকষাকষিতে পিছিয়ে যাবে। জিএসপি প্রশ্নে বাংলাদেশ জোরালো উত্তর দেবে বলে আশা প্রকাশ করেন তািন। এছাড়া শ্রম আইনের সংস্কার ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নিবন্ধন অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূতের সাথে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জোয়ান্টা সেনকে, ইউএসএআইডি’র ডেমোক্রেসি ও গভর্নেন্স কর্মকর্তা জেফ স্কারিন প্রমুখ।