রিজভী আমান জয়নুল আবদিনসহ ১৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২২:৫২
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ চার্জ গঠনের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার ছয় নম্বর দ্রুত বিচার হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
আসামি পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া আলম, মহসিন মিয়া, খোরশেদ আলম প্রমুখ শুনানিতে অংশ নেন। গতকাল শুনানি উপলক্ষে ১৪৮ নেতাকর্মীকে কারাগার থেকে আদালতে আনা হয়।
সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল রানা, মো. শাকিল, নাঈম আহমেদ, এম এ সোবহান, মাহবুবুর রহমান ছানা ও জোনায়েদ ওসমানকে তদন্ত কর্মকর্তার অব্যাহতির আবেদন আদালত মঞ্জুর করেন।
অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে গত ১১ তারিখে বেলা ৩টার দিকে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি চলাকালে উল্লেখিত আসামিরাসহ আরও ৫০/৬০ জন হঠাত্ করেই ইট পাটকেল, লোহার রড, শাবল, লাঠি, হকিস্টিক, ইত্যাদি হাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার উপর, টপ কালেকশনের গলি ও নয়াপল্টন মসজিদ গলির সামনের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সরকারি বেসরকারি অফিস ও যানবাহন ভাঙচুরের অভিযোগ আনা হয়।